তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল, বনগাঁতে গোপালকে সরিয়ে বিশ্বজিৎ দাসকে সভাপতি করা হল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ আগস্ট: তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করা হল বিধায়ক বিশ্বজিৎ দাসকে। পাশাপাশি সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে শ্যামল রায়কে। স্বাভাবিক ভাবেই এই দুই পদ থেকে সরে যেতে হচ্ছে বনগাঁর গোপাল শেঠ এবং গোবরডাঙার শঙ্কর দত্তকে। কিছুক্ষণ আগেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। দলকে শুদ্ধিকরণের পথে নিয়ে যাওয়ার কথা অনেকদিন ধরেই বলা হচ্ছিল। এদিন রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলা কমিটির যে নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে, শুদ্ধিকরণের ক্ষেত্রে এটা তারই এক নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্রে জানাগেছে, বনগাঁ সাংগঠনিক জেলার ক্ষেত্রে সভাপতি হিসেবে গোপাল শেঠের জায়গায় বাগদার বর্তমান বিধায়ক বিশ্বজিৎ দাসকে নতুন সভাপতি করা হয়েছে। অন্যদিকে, শঙ্কর দত্তকে সরিয়ে তার জায়গায় জেলার চেয়ারম্যান করা হয়েছে শেষ বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করা শ্যামল রায়কে।

এ ব্যাপারে বিশ্বজিৎ দাস এবং শ্যামল রায় দুজনেই জানান, দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে দলের এই সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিন দলকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলা হবে। দলীয় কর্মীদের আশা, এবারে হয়তো বনগাঁয় গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই মিটে যাবে।

উল্লেখ্য, বিশ্বজিৎ দাসের দলবদল করে বিজেপিতে যোগদান এবং পরবর্তীতে ফের তৃণমূলে ফিরে আসার সময় দলের অনেককেই বলতে শোনা গেছে, বিশ্বজিতের রাজনৈতিক কেরিয়ার শেষ। এদিন বিশ্বজিৎ দাসের নাম জেলা সভাপতি হিসেবে ঘোষণা হওয়ার পর বিশ্বজিৎ দাসের অনুগামীদের প্রশ্ন, যারা এতোদিন বলে আসছিলেন, বিশ্বজিৎ দাসের রাজনৈতিক কেরিয়ার শেষ, তারা এখন কী বলবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *