সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬সেপ্টেম্বর: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্ম দিবস শ্রদ্ধার সাথে পালিত হোল বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইন্জিনিয়ারিংয়ে।আজ কলেজ প্রাঙ্গণে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।
এই উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবং গবেষক লেখক সুকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর ভাষণে বিদ্যাসাগরের জন্ম বৃত্তান্ত থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠা এবং তাঁর সামাজিক কাজকর্ম বিস্তারিতভাবে আলোচনা করেন। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরাও উৎসাহ নিয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন করছে দেখে তিনি অভিভূত হন।
কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত তাঁর ভাষণে বলেন, এই মনীষীর নামে এই বিদ্যাসাগর ভবনটি নামাঙ্কিত হয়েছিল ২০২০ সালে। তার দ্বি শততম জন্ম দিবসে আবক্ষ মূর্তিও স্থাপন করা হয়। সেই সময় এই আবক্ষ মূর্তির সাথে রবীন্দ্রনাথেরও আবক্ষ উন্মোচিত হয়।
এগুলি উন্মোচন করেন ২০০২ এবং ২০০৩ এর পাস আউট ছাত্র-ছাত্রীরা।

এছাড়াও বক্তব্য রাখেন কলেজের ডিন প্রফেসর অলক রায়। ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বিদ্যাসাগরের উপরে তাদের বক্তব্য কবিতা আবৃত্তি প্রভৃতি বিষয়ে অংশগ্রহণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপিকা মহুয়া মল্লিক। ধন্যবাদ সূচক ভাষণ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের রেজিস্টার রামানন্দ মুখোপাধ্যায়।

