বিরসা মুন্ডার জন্মদিন পালনের যেন প্রতিযোগিতা হল পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৫ নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনে আদিবাসীদের সমর্থন পেতে কৌশলী সব রাজনৈতিক দল। পুরুলিয়ায় সেই তৎপরতা দেখা গিয়েছে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। ভোট ব্যাঙ্কের লক্ষ্যে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপনে বিজেপি, তৃণমূল, কংগ্রেস বাদ নেই কেউ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে কাল থেকেই। সেখানেও পরোক্ষভাবে বিজেপি জড়িত। আজ পুরুলিয়া শহরে দিনটি উদযাপন করে কংগ্রেস।

অন্যদিকে, আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মানবাজার ২ ব্লকে অনুষ্ঠিত হয় বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী। সেখানে আদিবাসী নৃত্যের তালে পা মেলান রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতিমা সরেন। ধামসা মাদল বাজাতে দেখা গিয়ে জেলাশাসক সব উপস্থিত জন প্রতিনিধিদের। ভোট ব্যাংকের লক্ষ্যে ঘটা করে এখন স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন পালন করছে সব রাজনৈতিক দলই বলে মেনে নেন কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো। তিনি বলেন, “আগে এই ক্ষেত্রে ঘাটতি ছিল রাজনৈতিক দলগুলির। এখন সেটা বুঝতে পেরেই ঘটা করে করছে। ছুটি ঘোষণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে।”

সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলাতেও শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী। আদিবাসী অধ্যুষিত পুরুলিয়া জেলায় এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর পুরুলিয়া জেলা লাগোয়া বর্তমান ঝাড়খণ্ডের লোহারডাগা জেলায় জন্মগ্রহণ করেন মহান এই সংগ্রামী। তাঁর ডাকে সাড়া দিয়ে ইংরেজ এবং অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন দরিদ্র মানুষজন। সেই সংগ্রামের আঁচ এসে পড়ে তৎকালীন মানভূম, বর্তমানের পুরুলিয়া জেলাতেও। এখানকার মানুষজনের কাছে ভগবান বিরসা মুণ্ডা হচ্ছেন নিপীড়িত বঞ্চিত মানুষের সংগ্রামের প্রতীক।

প্রতিবছরই শ্রদ্ধার সঙ্গে বীর বিরসার জন্মতিথি পালন করেন এখানকার মানুষ। এদিন পুরুলিয়া পৌরসভা, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় সহ বহু জায়গায় ভগবান বিরসা মুণ্ডার মূর্তি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় পুরুলিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *