ফের পদত্যাগ পত্র দিলেন বীরভূমের তৃণমূল ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারী

আশিস মণ্ডল, বীরভূম, ১৩ অক্টোবর: দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে ব্লক সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বিভাস চন্দ্র অধিকারী। তবে দল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি বলে জানান তৃণমূলের রামপুরহাট মহকুমা পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য।

দীর্ঘদিন তৃণমূলের বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি পদে রয়েছেন বিভাস চন্দ্র অধিকারী। তৃণমূলের দুঃসময় থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত হন নলহাটির কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিভাস চন্দ্র অধিকারী। ফলে দল তাকে গুরু দায়িত্ব দিয়ে ব্লক সভাপতির পদ দিয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তার নেতৃত্বে লড়াই করে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী অসিত মাল। তিনি কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের কাছে পরাজিত হন। এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন বাহিনীর দাপটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয়ী হয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হাসন বিধানসভা পুনরুদ্ধার করেন।

তিনি দলীয় কাজকর্মের পাশাপাশি ঠাকুর অনুকূল চন্দ্রের ঋত্বিক। গ্রামেই কয়েক কোটি টাকা ব্যয়ে ঠাকুরের মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরে তৃণমূল নেতাদের পাশাপাশি বিজেপি নেতাদেরও উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছে মাঝে মধ্যেই। এনিয়েও বিতর্কের সৃষ্টি হয়। ২০১৯ সালের জুন মাসে কলকাতা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। তিনমাস কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন। তবে এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি। সেই কারণ দেখিয়ে তিনি বুধবার দলের রামপুরহাট মহকুমা পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্যের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন। তবে দলের পক্ষ থেকে পদত্যাগের কথা স্বীকার করা হয়নি।

বিভাসবাবুর এই পদত্যাগের মধ্যেই তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে তিনি দলের বিরুদ্ধে একাধিক কটু কথা বলেছেন। যদিও এনিয়ে তিনি বলেন, দলের কেউ এই ভিডিও ভাইরাল করেছে। ওই ভিডিও বহু পুরনো। বিভাসবাবু বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ। এখনও একটি বড় অপারেশন রয়েছে। এদিকে সামনে পঞ্চায়েত নির্বাচন। অনেক ছোটাছুটি করতে হবে। তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছি”।

যদিও, এনিয়ে বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে বসে তৃণমূল। সেখানেই ত্রিদিব ভট্টাচার্য জানিয়ে দেন, পদত্যাগ পত্র গৃহীত হচ্ছে না। এটা দলের অভ্যন্তরীণ বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *