সাথী দাস, পুরুলিয়া, ১৭ এপ্রিল: প্রয়াত হলেন পুরুলিয়ার প্রাক্তন সাংসদ বীর সিং মাহাতো। নিমুনিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। রবিবার তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর
২টো ১৫ মিনিটে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যু কালে বয়স ছিল ৭৫ বছর। পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সদস্য হিসাবে দশম, একাদশ, দ্বাদশ, ১৩ তম লোকসভার সদস্য ছিলেন তিনি। দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং জেলা কমিটির সভাপতি ছিলেন। তুন্তুড়ি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র ও পুত্র বধূকে রেখে গেলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জেলার বিভিন্ন দলের নেতা ও নেত্রীরা। এক সময়ের ছায়া সঙ্গী অভিজিৎ চৌধুরী বলেন, “এক জন দক্ষ সংগঠক ও রাজনীতিককে হারালাম। তাঁর ব্যবহার পরিচিত প্রতিটি মানুষ মনে রাখবেন।”

পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রয়াত সাংসদকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য জেলা সদর কার্যালয়ে দেহ রাখা হবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে পুরুলিয়া শহরের নামোপাড়ার বামফ্রন্টের জেলা সদর কার্যালয়ে। সেখান থেকে জয়পুর, কোটশিলা, ঝালদা হয় বাঘমুন্ডির সারিডি গ্রামে তাঁর আদি বাড়িতে পৌঁছাবে দেহ। ওই দিনই শেষ কৃত্য সম্পন্ন হবে। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নরেন চ্যাটার্জি, রাজ্য নেতা নিশিকান্ত মেহেতা প্রমুখ।


