আমাদের ভারত, ৮ ডিসেম্বর: প্রয়াত হলেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। বুধবার সেনার এম আই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। তাতে সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ বেশ কয়েকজন সেনা আধিকারিকও ছিলেন। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত।
বুধবার তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই সেনা হেলিকপ্টার ভেঙ্গে পড়ে। অগ্নিদগ্ধ এবং গুরুতর আহত অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী ছিলেন। গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার ১২টা ৪০মিনিট নাগাদ নীলগিরির জঙ্গলের উপর আচমকাই ভেঙ্গে পড়ে সেনাবাহিনীর এম আই ১৭ – ভি ফাইভ হেলিকপ্টার। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রথমে একটি বিকট আওয়াজ শুনতে পান তিনি। আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখেন একটি হেলিকপ্টার গাছে ধাক্কা মারলো। ধাক্কা মারতেই মুহূর্তে আগুন জ্বলে যায় হেলিকপ্টারে। আগুনলাগা অবস্থাতেই আরো একটি গাছে ধাক্কা মারে হেলিকপ্টারটি। ঘটনা দেখে হেলিকপ্টারের পেছনে স্থানীয়রা ছুটতে থাকেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন হেলিকপ্টারটি ভেঙ্গে পড়ে আছ। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কয়েকজন। তাদের দেহের বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল। উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। চলে আসে দমকল বাহিনীও। মৃতদের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। ফলে মৃতদের পরিচয় নিশ্চিত করতে বিএনএফ পরীক্ষা হবে বলে জানা গেছে।

