সাথী দাস, পুরুলিয়া, ১১ ডিসেম্বর: তৃণমূলের গণতন্ত্রে বিশ্বাস নেই সেই কারণেই তিন বছর ধরে পুর ভোট করেনি। পুরুলিয়ায় দলীয় কর্মসম্মেলনে যোগ দেওয়ার সময় এই ভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। একই সঙ্গে তিনি কলকাতায় ভোট প্রচারে বাধা পাচ্ছে বামেরা বলে অভিযোগ করেন।
পুরভোটে কংগ্রেসের সঙ্গে বনিবনা না হওয়ায় একলা চলোর নীতি নিয়েছে বামফ্রন্ট। তাই কংগ্রেসের ইস্তাহার নিয়েও কোনও আগ্রহ প্রকাশ করেননি সিপিএমের পলিটব্যুরো সদস্য প্রবীণ নেতা বিমান বসু। আজ পুরুলিয়ায় দুদিনের ২১ তম জেলা সম্মেলন শুরু হয় স্থানীয় রবীন্দ্রভবনে। সেখানেই তিনি অংশ নেন। সম্মেলনের শুরুতে দলীয় পতাকা উত্তোলন এবং অস্থায়ী শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। তার পর সম্মেলনে যোগ দেন তিনি। সেই মুহূর্তে সংবাদ মাধ্যমকে পুর ভোট নিয়ে মতামত ব্যক্ত করেন।
এদিন সম্মেলনে যোগ দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বাসুদেব আচার্য্য ও অমিয় পাত্র, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শ্রীদিব ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুখেন্দু পানিগ্রাহী, অজিত পতি, পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় প্রমুখ নেতৃত্ব। সম্মেলনের উদ্বোধন করেন শ্রীদিব ভট্টাচার্য। দলীয় গাইড লাইন মেনে জেলা কমিটি গঠিত হয়। মহিলা এবং যুবদের জেলাকমিটিতে অন্তর্ভুক্তির পাশাপাশি সত্তরোর্ধদের জেলা কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়।

