জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বেপরোয়া বালি বোঝাই লরির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম বিমল মুখার্জি (৫৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, চাঁদড়ার বাসিন্দা বিমলবাবু সকাল ন’টা নাগাদ বাইকে করে মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে ধেড়ুয়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি বালি বোঝাই লরি পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিকে ধাওয়া করলেও তার নাগাল পাননি। লরিটি ঝাড়গ্রামের দিকে দ্রুতবেগে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। লরির সন্ধান চালাচ্ছে পুলিশ।

