জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। অন্য এক জনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুজনেই কেশিয়াড়ি থানার গগনেশ্বর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ বেলদা থেকে বাড়ি ফেরার পথে পঁচিয়াড়া পেট্রল পাম্পের কাছে তাদের বাইকের পেছনে একটি ডাম্পার ধাক্কা মারলে বাইকে থাকা দু’জনই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের পেছনে থাকা গৌরশঙ্কর গিরি নামে যুবকের। অপর একজনকে পেট্রল পাম্পের একজন কর্মী দেখতে পেয়ে গগনেশ্বর এলাকায় ফোনে খবর দেয়। এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দু’জনকে কেশিয়াড়ি হাসপাতালে ভর্তি করে। গৌরশঙ্কর গিরিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের অভিযোগ, কেশিয়াড়ি- বেলদাগামী রাজ্য সড়কে বেপরোয়া ডাম্পার চলাচলের ফলে প্রায়শই পথ দুর্ঘটনা ঘটছে। ২১-২২ বছরের যুবকরা বেপরোয়া ডাম্পার চালাচ্ছে বলে অভিযোগ। এর ফলেই ঘটছে দুর্ঘটনা। বাইক চালকের হেলমেট থাকলেও পেছনের সওয়ারির যুবকের হেলমেট ছিল না বলে জানা গিয়েছে।
বরুণ দত্ত নামে বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

