আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ জুলাই: বাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত্যু হল বাইক চালকের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি- শিলিগুড়ি রাজ্য সড়কের কালিয়াগঞ্জ সাহেব বাড়ি এলাকায়। পুলিশ জানায়, মৃত বাইক চালকের নাম আশিস থাবা, বয়স ২৫ বছর। বাড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলপাইগুড়ি- শিলিগুড়ি রাজ্য সড়ক দিয়ে দ্রুত গতিতে বাইক চলাচল করে। এর জেরে প্রায় দিনই দুর্ঘটনা হচ্ছে। এ দিন বিকেলের দিকে ছ’টি বাইকের দল জলপাইগুড়ির গোশালা মোড় থেকে রংধামালির দিকে যাচ্ছিল। সকলেই দ্রুত গতিতে বাইক
চালাচ্ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সেই সময় উল্টো দিক থেকে আসা ছোট গাড়ির সঙ্গে আশিসের বাইকের সংঘর্ষ হয়। বিকট শব্দ হওয়ায় আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। বাইক চালক ছিটকে রাস্তায় পাশে পরে গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে ছোট গাড়ির একাংশ ভেঙ্গে গিয়েছে বাইকের ধাক্কায়। বাইকও থুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা ছুটে এসে গাড়িতে থাকা জখমদের উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এদিকে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় বাইক চালক আশিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে দাবি পুলিশের। দুটি গাড়ি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সত্যজিৎ মণ্ডল বলেন, “বাইক ও ছোট গাড়ির সংঘর্ষ হয়। বাইক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা স্থিতিশীল।”

