১৯ লাখ চাকরি ও বিনামূল্যে করোনা ভ্যাকসিনের প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে

আমাদের ভারত, ২২ অক্টোবর: আর মাত্র হাতে গোনা কটা দিন, আগামী সপ্তাহেই বিহারের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করল পদ্ম শিবির। ইশতেহারে বলা হয়েছে যদি এনডিএ জোট আবার বিহারে ক্ষমতায় ফিরে আসে তাহলে সে রাজ্যের ১৯ লাখ যুবক যুবতির চাকরি করে দেওয়া হবে। তবে তার চেয়েও বড় প্রতিশ্রুতি, বিহারের প্রতিটি নাগরিককে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে বলেও বলা হয়েছে নির্বাচনী ইশতেহারে।

বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, যেদিন ভারতে covid-19 ভ্যাকসিন বন্টনের জন্য তৈরি হয়ে যাবে সেদিনই বিহারের প্রতিটি মানুষকে সেই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এটাই আমাদের নির্বাচনী ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি।

বিশ্বজুড়ে করোনার ভ্যাকসিন তৈরি চেষ্টা চলছে ভারত ও তার ব্যতিক্রম নয়। তবে এখনো পর্যন্ত কোন ভ্যাকসিন তৈরি হয়নি। কিন্তু তার আগেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বিজেপির সমালোচনা শুরু করেছেন বিরোধী দলগুলি। তারা সমালোচনা সুরে বলেছেন অবিজেপি শাসিত রাজ্য গুলিকি তাহলে বিনামূল্যে ভ্যাক্সিন পাবেন? যারা বিজেপিকে ভোট দেবেন না তারা কি করোনা ভ্যাকসিন পাবেন না? অনেকে বলেছেন করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি।

এই সমালোচনার উত্তরে বিজেপি আইটি সেলের তরফে অমিত মালব্য বলেছেন, “বিজেপির ইশতেহারে বলা হয়েছে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা। কেন্দ্রের তরফের রাজ্যগুলিকে খুবই কম মূল্যে ভ্যাকসিন দেয়া হবে। সেটা মানুষকে বিনামূল্যে দেওয়া হবে, না টাকা নেওয়া হবে তা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। স্বাস্থ্য রাজ্যের একটি এক্তিয়ার ভুক্ত বিষয়। বিহারে বিজেপির তরফে বলা হয়েছে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে। এটা অত্যন্ত সহজ কথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *