“বড় চোরের কাছে ছোট ছোট চোরের নামে অভিযোগ,” অভিষেককে ঘিরে গ্রামবাসীর বিক্ষোভকে কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ৪ মে: নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদায় একটি জনসভায় যাওয়ার পথে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, বিনোদপুরের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গ্রামীন প্রকল্পের টাকা পঞ্চায়েত প্রধান আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। অভিষেক গাড়ি থেকে নেমে তাদের অভিযোগ শোনেন। কিন্তু এই ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায় গরু, কয়লা পাচারে অভিযুক্ত বড় চোরের কাছে মানুষ ছোট চোরের অভিযোগ করতে গিয়েছিলেন।

আজ সল্টলেকের দলীয় অফিসে একটি সাংবাদিক বৈঠকে অভিষেককে ঘিরে বিক্ষোভ দেখানোর প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “ঠগ বাছতে গাঁ উজার হয়ে যাবে। এমন কোনো তৃণমূল নেতৃত্ব আছে কি, যে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়।” এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “যার কাছে অভিযোগ জানাচ্ছেন মানুষ, তিনি তো গরু ও কয়লা পাচারে অভিযুক্ত। ছোট চোরের অভিযোগ বড় চোরকে জানাচ্ছে।”

প্রসঙ্গত, মানিকচক থেকে মোথাবাড়ির দিকে যাওয়ার পথে সাতরাখি এলাকায় অভিষেকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সেই সময় গাড়ি থেকে নেমে অভিষেক গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। অভিযোগ শুনে মালদা জেলা নেতৃত্বকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। বিক্ষোভকারীরা বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিন মিঞার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভিন্ন গ্রামীণ প্রকল্প দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। গাছ লাগানোর নামেও কয়েক লক্ষ টাকা তিনি আত্মসাৎ করলেও গাছ কিন্তু লাগানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *