পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ছিল রাজ্যের বাজেট পেশ। আর এই বাজেট পেশে কল্পতরু হয়ে ওঠেন মমতা। বিধানসভা নির্বাচনের আগে বড়সড় চমক লক্ষ্মীর ভান্ডারে। এক ধাক্কায় লক্ষ্মীর ভান্ডারে বাড়লো ৫০০ টাকা। যারা হাজার টাকা পেতেন তারা পাবেন দেড় হাজার টাকাঢঢ এবং যারা দেড় হাজার পেতেন তারা পাবেন ১৭০০ টাকা। পাশাপাশি আশা কর্মীদের ক্ষেত্রেও বাড়ছে এক হাজার টাকা করে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি হচ্ছে। আর এরই আনন্দে আনন্দিত রাজ্যবাসী।

বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই আনন্দে মাতোয়ারা হলেন মহিলা তৃণমূল কর্মী- সমর্থকরা। আবির উড়িয়ে, একে অপরকে আবির মাখিয়ে, পথ চলতি মানুষদের লাড্ডু খাওয়ালেন মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়। উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল চৌধুরী সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা।


