বীজপুর থানার বড়সড় সাফল্য, পাঁচ ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ টাকা চুরির কিনারা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ ডিসেম্বর: আবারও বড়সড় চুরির কিনারা করল বীজপুর থানার পুলিশ। বীজপুর থানার পুলিশের তৎপরতায় চুরি হওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ৭ লক্ষ টাকা চুরির কিনারা করে ফেললো পুলিশ। এই চুরির ঘটনায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া নগদ ৬ লক্ষ টাকা।

কাঁচরাপাড়া, লিচুবাগান, মনা দত্ত সরণি এলাকায় পরিচারক হিসেবে কাজ করতো ২৬ বছরের যুবক আনন্দ বাসফোর ওরফে কালু। ডাঙ্গা পাড়ার বাসিন্দা এই যুবক গৌতম মাহাতোর বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করত। গৌতম বাবু স্বপরিবারে সোদপুরে বিয়ে বাড়ি গেলে অভিযুক্ত আনন্দকে তার কুকুরদের দেখার জন্য রেখে যান। কুকুর দেখার কাজ করতে গিয়ে ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে গৌতমবাবুর বাড়ির লকার খুলে সেখানে থাকা সাত লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। বিয়ে বাড়ি থেকে ফিরে এসে গৌতমবাবু দেখেন তাদের লকার থেকে খোয়া গেছে নগদ সাত লক্ষ টাকা।

এরপর বাড়ির মালিক গৌতম মাহাতো খবর দেয় বীজপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। তার পরেই ৫ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করে ফেলে। সেইসঙ্গে পুলিশ অভিযুক্ত আনন্দ বাসফরকে গ্রেপ্তার করে ও তার থেকে উদ্ধার হয় নগদ ৬ লক্ষ টাকা। এই ঘটনায় আনন্দর সাথে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *