কেন্দ্রের বড় পদক্ষেপ! সব প্রাপ্ত বয়স্কদেরকেই দেওয়া হবে করোনার বুস্টার ডোজ

আমাদের ভারত, ৮ এপ্রিল: শুধুমাত্র ষাটোর্ধ্ব বা প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্যই বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু করোনা মোকাবিলায় আরো বেশি সর্তকতা অবলম্বন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ১৮ উর্ধ্বে সমস্ত প্রাপ্তবয়স্করা এবার বুস্টার ডোজ নিতে পারবেন। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকা দেওয়ার প্রক্রিয়া।

শুক্রবার কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রবিবার থেকে কেবলমাত্র দেশের সব বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে দেওয়া হবে বুস্টার ডোজ। এর আগে ষাট বছরের বেশী বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়। এবার আঠারো বছর বয়স হলে যেকোনো প্রাপ্তবয়স্কই নিতে পারবেন বুস্টার ডোজ। করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পরে বুস্টার ডোজ দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার যে প্রক্রিয়া চলছে তা আগের মতই চলবে।

করোনার নয়া এক্স ই(XE) ভেরিয়েন্ট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই ভেরিয়েন্টের হাত ধরে আবারও সংক্রমনের নতুন ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করেছেন একাংশের বিশেষজ্ঞরা। আর এই উদ্যোগের মাঝে কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে এই ভেরিয়েন্টের জেরে প্রকোপ বেড়েছে করোনা সংক্রমনের। সম্প্রতি মুম্বইতে এক মহিলার শরীরে এক্স (XE) ভেরিয়েন্ট মিলেছিল বলে জল্পনা তৈরি হয়। দিও পরে সেই দাবি নস্যাৎ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *