আমাদের ভারত, ৩০ জুলাই:
আবারও জম্মু-কাশ্মীরের আকাশে সন্দেহজনক ড্রোন চোখে পড়ল। বৃহস্পতিবার রাতে সীমান্তের কাছে সাম্বা সেক্টরে বেশ কয়েকটি সন্দেহজনক আলো আকাশে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেগুলো লক্ষ্য করে সেনা জাওয়ানরা গুলি চালায়। এরপরে ওই আলোগুলি দূরে সরে যায়।
তবে এই আলোগুলি যে ড্রোনের আলো ছিল তা নিশ্চিত করেছে সাম্বার এস এস পি রাজেশ শর্মা। তিনি বলেন, সাম্বার একাধিক এলাকায় ড্রোনের ঘোরাঘুরি নজরে এসেছে। গত ১৬ জুলাই রামগড় এলাকার সাম্বা সেক্টর হিরানগর সেক্টর, মিরান সাহিব এলাকায় চারটি ড্রোন ধরা পড়ে। অ্যান্টি ড্রোন র্যাডারে এগুলি ধরা পড়তেই সেগুলোকে ধ্বংস করে দেন সেনা জাওয়ানরা।
নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত এই চারটি এলাকায় সন্দেহজনক চারটি ড্রোন ধরা পড়ায় সেগুলি যে পাকিস্তান থেকেই কন্ট্রোল করা হচ্ছে সেব্যপারে একপ্রকার নিশ্চিত প্রশাসন।
গত মাসের শেষের দিকে একইভাবে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল জম্মু-কাশ্মীরের বায়ু সেনা ঘাঁটিতে। এবারও ঠিক একই রকম কোনো বড়সড় নাশকতার ছক ছিল বলে অনুমান করা হচ্ছে। সেনা তৎপরতায় তা বানচাল হল। তবে গত কয়েক সপ্তাহ ধরেই উপত্যাকার আকাশে একাধিক সন্দেহজনক ড্রোন নজরে এসেছে।

