বড়সড় ডাকাতির ছক বানচাল, গভীর রাতে গোপালনগরে ধৃত ৪ দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ নভেম্বর: বড়সড় ডাকাতির ছক বানচাল করল গোপালনগর থানার পুলিশ। গ্রেফতার করা হল চার দুষ্কৃতীকে। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১৬ নং রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম জাহাঙ্গীর মন্ডল, রফিকুল মন্ডল, আহমেদ মন্ডল ও ইমান আলী মন্ডল। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ ভোজালি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড ও আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক গোপালনগর থানার ১৬ নং রেলগেটের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশের একটি দল সেখানে যায়। এরপর সেখানে বেশ কিছুক্ষণ ওৎ পেতে অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছয় ১০-১২-য়। তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারালো অস্ত্র। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে চার জনকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র।

এই বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম দে বলেন, “গোপালনগর থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গোপালনগর থানা এলাকার ১৬ নং রেলগেট এলাকা থেকে গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাদের মঙ্গলবার বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *