সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জানুয়ারি: বড়সড় ডাকাতির ছক বানচাল করল বাগদা থানার পুলিশ। ধারালো প্রচুর অস্ত্রসস্ত্র সহ ১১ জন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয় একটি ম্যাটাডোর। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বিড়া চৌমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়, ভোজালি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক অশোকনগর থানার বিড়া চৌমাথা চত্বরের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তারা প্রচুর অস্ত্র নিয়ে একটি ম্যাটাডোর করে দাঁড়িয়ে আছে। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। ওই গাড়ি সহ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথায় সন্দেহ বাড়ে। এরপর তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ওই গাড়ি থেকে প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃত ১১ জন দুষ্কৃতিকে বুধবার বারাসত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

