বড় খবর! মন্দির ভেঙ্গেই কি মসজিদ? মসজিদ কমিটির আবেদন খারিজ করে জ্ঞানব্যাপীতে সমীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ৪ আগস্ট: মসজিদের নীচে কি মন্দির আছে? কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙ্গেই কি জ্ঞানব্যাপী মসজিদ তৈরি হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা চালানোর পক্ষে বৃহস্পতিবারই এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল। সুবিচারের স্বার্থে জ্ঞানব্যাপীতে এই সমীক্ষা চালানো দরকার বলে জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু এই রায়ের পরই মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আজ দেশের শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে সমীক্ষার অনুমতি দিয়ে দিল।

সমীক্ষা চালানোয় স্থগিতাদেশ চেয়ে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানিরও আর্জি জানানো হয়েছিল মসজিদ কমিটির তরফে। সেইমতো শুক্রবার শীর্ষ আদালতে এই মামলা শুরু হয়। দেশের শীর্ষ আদালত জ্ঞানব্যাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার স্বপক্ষেই রায় দিয়েছে। এদিকে এলাহাবাদ হাইকোর্টের রায় মেনে আজ ভোরবেলাতেই কড়া নিরাপত্তার মধ্যে এএসআই সমীক্ষা শুরু করে দিয়েছে জ্ঞানব্যাপীতে।

বৈজ্ঞানিক সমীক্ষা চালালে মসজিদ ভেঙ্গে পড়তে পারে এই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ কর্তৃপক্ষ, কিন্তু সেই দাবি খারিজ হয়ে গিয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। এবার সুপ্রিম কোর্ট বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর অনুমতি দিয়ে দিল। স্থাপত্যের কোনো ক্ষতি না করেই এই সমীক্ষা চালানোর কথা বলেছে সুপ্রিম কোর্ট। এএসআই-এর দাবি, কোনো ক্ষতি না করেই এই সমীক্ষা চালানো হবে।

সুপ্রিম কোর্টের রায়ের পর খুশির হাওয়া বেনারসজুড়ে। শুক্রবার ভোরবেলা থেকে জ্ঞানব্যাপী এলাকায় বিশাল পরিমাণ নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে সমীক্ষকরা আজ স্থান পরিদর্শন করেছেন এবং ছবি তুলেছেন বলে খবর। এলাকায় মোতায়েন রয়েছে ৬ জন আইপিএস এবং প্রায় ৫০০ জন পুলিশ। যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্টের মুসলিম পক্ষের আইনজীবী দাবি করেছিলেন, এএসআই ইতিহাস খুঁড়তে শুরু করেছে। এর ফলে ওই স্থানের উপাসনা আইন লঙ্ঘিত হচ্ছে। মসজিদ কমিটির আরও দাবি, এ সমীক্ষার ফলে পুরনো ক্ষত নতুন করে জেগে উঠতে পারে। কিন্তু শীর্ষ আদালত সুবিচারের জন্য সমীক্ষার পক্ষেই রায় দিয়েছে বলে মত অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *