আমাদের ভারত, ১২ জুলাই: মন্ত্রী সভার পর এবার বিজেপির দলীয় সংগঠনেও বড়সড় রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। একেবারে কেন্দ্রীয় স্তর থেকে শুরু করে রাজ্য স্তরে এই রদবদলের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ভূপেন্দ্র যাদবের মতো দলীয় সংগঠনে দায়িত্বে থাকা একাধিক নেতা এখন নতুন মন্ত্রিসভার সদস্য, কেউ রাজ্যপাল, কেউ উপরাষ্ট্রপতি। ফলে সেখানকার ফাঁকা স্থান পূরণ করতেই এই রদবদল অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তবে এই শূন্য স্থানে কারা আসবেন তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। একদিকে রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকরের মত নেতারা মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। অন্যদিকে একাধিক নতুন মুখও উঠে এসেছে দলে।
বিজেপি সূত্রে খবর সদ্য-প্রাক্তন মন্ত্রীকে বিজেপির অন্যতম সহ-সভাপতি বা অন্য কোন পদে দেওয়া হতে পারে। তবে তাদেরকে কোনো পদ দেওয়া হলেও বাস্তবে তাদের কতখানি দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও প্রশ্ন থাকছে। একাংশের বিজেপি নেতারা মনে করছেন সবাইকে না হলেও কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
বিজিপির একটি সূত্রের দাবি দেবেন্দ্র ফড়নবিশের মত কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আধডজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে সাংগঠনিক গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকেও তার নিজের রাজ্য দিল্লিতে কোন দায়িত্বে দেখা যেতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সংগঠনের ভারপ্রাপ্ত নেতা বিএল সন্তোষ সহ দলের জাতীয় সম্পাদকের সঙ্গে বৈঠক করেন। বিজেপি সদর দপ্তরে আলাদা করে নাড্ডা জাতীয় সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি সূত্রে খবর সংগঠনের একেবারে শীর্ষস্তরের বড় রকম রদবদল হতে চলেছে।
বিজেপির সংসদীয় বোর্ড কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও কর্ম সমিতিতেও নতুন মুখ দেখা যেতে পারে। কিছু রাজ্য সাংগঠনিক রদবদল হতে পারে। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সেখানে রাজ্য বিজেপিতে বড় রকমের বদল হবে। পশ্চিমবঙ্গেও স্থানীয় স্তরের নির্বাচন রয়েছে ফলে এখানেও রদবদলের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে ক্ষোভের কারণে সেখানে মন্ত্রিসভায় রদবদলের প্রয়োজন হয়ে পড়েছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি সর্বোচ্চ স্তর সংসদীয় বোর্ডের এখন পাঁচটি পদ ফাঁকা। ভেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি হয়েছেন, অরুণ জেটলি, সুষমা স্বরাজ প্রয়াত এবং গেহলত কর্নাটকের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। ২০১৪ সালের পর থেকে সংসদীয় বোর্ডের কোন বদল হয়নি। তাই সেখানে নির্মলা সীতারামনের মত কোন মহিলা নেত্রী ও কোন দলীত নেত্রীকে আনা হতে পারে। সাম্প্রতিক অতীতে বিজেপি ও সংসদীয় বোর্ডে একসঙ্গে এত শূন্যপদ আগে তৈরি হয়নি বলেই এই রদবদলের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

