স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ মার্চ: সোমবার নদিয়ার বীরনগরে ওলা সাধারণ পাঠাগারের মাঠে এসেছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তৃণমূলের সবুজ সাথী প্রকল্পের প্রসঙ্গে শাসক দলকে বেনজির আক্রমণ করেন। তাঁর অভিযোগ, সবুজ সাথী সাইকেল তপশিলি উন্নয়নের টাকা থেকে, যার কমিশন নিচ্ছে রাজ্যের শাসক দল। যদিও নদিয়া জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশীষ রায় জানান, আমরা মনে করি উনি মঞ্চে দাঁড়িয়ে যেসব অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন অবান্তর ও মস্তিষ্ক কল্পনাপ্রসূত। যদি তাই হয়ে থাকে তাহলে উনিও দায়িত্ব এড়াতে পারেন না। উনি এতদিন যে দলে ছিলেন সেই দলের দায়ভার তার ওপরেও বর্তাবে।
এরপর তিনি অভিযোগ করেন, কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য তার প্রকল্প গুলো চালাচ্ছে।
তাঁর দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা, খাদ্যসাথী খাদ্য নিরাপত্তা আইনে যা কেন্দ্রের প্রকল্প। একটা এমন কোনও প্রকল্প নেই যা রাজ্য সরকার তৈরি করেছে। উল্টোদিকে তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজ থেকে শুরু করে সর্বত্র কাটমানি, সিন্ডিকেট তোলাবাজির রাজত্ব চালাচ্ছে সদ্য বিদায়ী তৃণমূল সরকার। তাই এবারে বিধানসভায় ২০০ পার হবেই। এরপর তিনি দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেন, নদিয়া জেলায় ১৭টা আসুন জেতাতেই হবে। সোনার বাংলা গড়তে হবে। ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে হবে। আর আমার দায়িত্ব নন্দীগ্রামে মমতাকে হারানোর, আর আপনাদের দায়িত্ব এখানে সবদিকে পদ্ম ফুল ফোটানো। এরপর তিনি নাগরিকত্ব প্রসঙ্গে বলেন, অমিত শাহ জানিয়েছেন করোনা টিকার পরেই নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হবে।
পাশাপাশি তিনি বলেন, রাজ্যের তৃণমূল সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দার্জিলিংকে সুইজারল্যান্ড, কলকাতাকে লন্ডন বানাবার কিন্তু তা উত্তর হয়নি। তবে আগামী দিনে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হবে, আর আপনাদের অবস্থা কাশ্মীরি পণ্ডিতদের মত হবে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি কখনো সংখ্যালঘু মুসলমানদের বিরোধী নয়। আমরা এপিজে আব্দুল কালামকে স্যালুট করি আর আফজাল গুরুদের ঘৃণা করি।
পশ্চিমবঙ্গের বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবাংলায় দু কোটি বেকার। ২০১৪ সাল থেকে এসএসসি পরীক্ষা হয়নি। সাড়ে ৪ লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে তাঁর অভিযোগ, তোলাবাজ ভাইপো কয়লা চুরি, বালিচুরি পাথর চুরি, বাংলাদেশ বর্ডার দিয়ে গরু পাচার করছে।
এরপর তিনি অভিযোগ করেন, তিন কোটি মানুষের টাকা চিটফান্ডের লুট হয়েছে। এই চিটফান্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত। রোজভ্যালি থেকে শুরু করে সারোদা প্রয়াগ থেকে ৩ কোটি লোকের টাকা মেরেছে তৃণমূল। এদের যদি টাকা ফেরৎ করাতে হয় যদি ওদের সম্পত্তি বেচে তিন কোটি মানুষের টাকা ফেরাতে হয় তাহলে বিজেপি সরকারকে আনতে হবে সমস্যা সমাধানের জন্য।
এ বিষয়ে নদীয়া জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশীষ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা মনে করি উনি মঞ্চে দাঁড়িয়ে যেসব অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন অবান্তর ও মস্তিষ্ক কল্পনাপ্রসূত। কারণ উনি এতদিন যে দলে ছিলেন সেই দলের দায়ভার তার ওপরেও বর্তাবে। সবুজ সাথী সহ অন্যান্য প্রকল্পগুলো মমতা ব্যানার্জি আজ থেকে দিচ্ছেন না। মমতা ব্যানার্জির প্রকল্প গুলোর অনেকদিন আগে থেকেই চালু করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে তিনিও দায়িত্ব এড়াতে পারেন না। তৃণমূল দল কোনও কমিশনের বিশ্বাসী নয় এখানে যেটা হয় সঠিকভাবেই হয়। সবুজ সাথী প্রকল্প সেটারই নিদর্শন। যা বিশ্বে অন্যতম স্থান পেতে চলেছে।

