স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ ডিসেম্বর: আচমকাই রায়গঞ্জ শহরে ভুটানের রাজপুত্র। শনিবার দুপুরে রায়গঞ্জ শহরে এসে পৌছন রাজপুত্র নামগেইল ওয়াংচুক। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাঁকে এসকর্ট করে নিয়ে আসা হয় রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত সার্কিট হাউসে। দেশের অতিথিকে স্বাগত জানান অতিরিক্ত জেলাশাসক। রায়গঞ্জের কর্নজোড়ায় সার্কিট হাউজে তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনারও দেওয়া হয় তাঁকে।

যদিও পরবর্তীতে সার্কিট হাউজ থেকে একটি বেসরকারি হোটেলে যান রাজাপুত্র ওয়াংচুক। এদিন ক্ষনিকের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজপুত্র বলেন, তিনি কলকাতায় মেডিক্যাল চেকাপের জন্য যাচ্ছেন। সেই উদ্দেশ্য রায়গঞ্জ এসে পৌছেছেন। তাঁকে স্বাগত জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

