সাথী দাস, পুরুলিয়া, ৭ জুন: বড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। পুরুলিয়া জেলার সাঁওতালডি স্টেশনের কাছে রেল ফটকে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ওড়িশার ভুবনেশ্বর গামী ওই ট্রেনটি। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
মঙ্গলবার বিকেল নাগাদ নিউ দিল্লি থেকে ভুবনেশ্বরগামী ট্রেনটি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভোজুডি শাখা পার হচ্ছিল। সেই সময় সাঁওতালডি থানার অন্তর্গত স্থানীয় সিনেমা হল রেলগেটে একটি ডিজেল বহনকারী ট্রাক্টর বিকল হয়ে যায়। ট্রাক্টরটি সেখানে আটকে পড়ে। ট্রাক্টরটিকে স্থানীয়রা ঠেলে সরাবার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন। সেই সময় রাজধানী এক্সপ্রেস ট্রেনের সিগন্যাল হয় এবং গেট বন্ধ হয়ে যায়। ট্রেনের চালক দূর থেকে বিষয়টি বুঝতে পেরে ট্রেনের গতি কমিয়ে থামিয়ে দেন। তবুও ইঞ্জিন সহ তিনটি কামরা পার হতে গিয়ে টাক্টরের পেছনে ধাক্কা লাগে। রেলের চালক বুদ্ধি করে তৎক্ষণাত ইমারজেন্সি ব্রেক কষে ট্রেনটিকে থামান। আর বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই ট্রেন। তবে ট্রাক্টরের পেছনে লেগে ট্রেনের তিনটি বগি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

ট্রেন হঠাৎ থেমে যাওয়ায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বালেশ্বরের দুর্ঘটনার চাপা আতঙ্ক যে ছড়িয়ে পড়েছে তা প্রকাশ্যে আসে যখন অনেক যাত্রী নিচে নেমে পড়েন। ঘটনার খবর পেয়েই ছুটে যান আর পি এফ, রেলের কর্মী ও স্থানীয় পুলিশ। ট্রাক্টরটি সরানোর পর ট্রেনটি গন্তব্য স্থলের দিকে রওনা দেয়। রেল সূত্রে খবর তেমন কিছু ক্ষতি হয়নি।

