সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ ডিসেম্বর: শেখ শাজাহান মামলার মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা নিছক দুর্ঘটনা না গভীর চক্রান্ত তার তদন্ত করা দরকার। প্রয়োজনে সিবিআই- এর হাতে তুলে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
বুধবার সন্ধ্যায় বাঁকুড়ায় দলীয় বিধায়ক নিলাদ্রী দানার উদ্যোগে আয়োজিত দুঃস্থদের কম্বল বিতরণ কর্মসূচিতে যোগ দেন রাহুল সিনহা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল সিনহা বলেন, শেখ শাজাহান তৃণমূল দলের বড় নেতা। সে এখন জেলে। তার মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িকে যেভাবে ধাক্কা দেওয়া হয়েছে, তা থেকেই বোঝা যাচ্ছে এর পিছনে রহস্য রয়েছে। বিশেষ করে যেখানে রাজ্য সরকার শাজাহানকে বাঁচাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এটা তারই অঙ্গ কি না তার তদন্ত হওয়া দরকার। আমি মনে করি সিবিআই’কে দিয়ে তদন্ত হোক।
এদিন এসআইআর, বিএলও’দের উপর হামলা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাবা যায়, রাজ্যের ২২০০ বুথে এই দীর্ঘ সময়ে কোনও মৃত ব্যক্তি নেই। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানালে পুনরায় যাচাই করতে গিয়ে দেখা গেল ২২০০ বুথে নয়, মাত্র দুটি বুথে ২০০২ সালে যা ভোটার ছিল এখনো তাই আছে, আমাদের বিশ্বাস সেই বুথ দুটি যাচাই হলে তাও থাকবে না।
বিএলও’দের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলীদের অন্যায় আবদার মেনে নিতে অস্বীকার করতেই তাদের উপর হামলা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা সজল ঘোষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

