বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল, প্রতিবাদে বিক্ষোভ, ভাঙ্গচুর, ইউনিয়ন অফিসে আগুন

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৫ এপ্রিল: ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ। সেই নোটিশ দেখেই বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। তারা জুটমিলে ইউনিয়ন অফিস ভাঙ্গচুর করে বলে অভিযোগ। জুটমিল বন্ধ করার জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মিল বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক।

রবিবার সকালে রিলায়েন্স জুট মিলের কর্মীরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন মিলের গেটে তালা ঝুলিয়ে সাসপেনশন ওফ ওয়ার্কের নোটিস দিয়েছে মিল কর্তৃপক্ষ। সেটা দেখা মাত্রই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মিলের গেটের বাইরে। ট্রেড ইউনিয়নের অফিসে গিয়ে অফিস ভাঙ্গচুর করে উত্তেজিত শ্রমিকরা। সেই সঙ্গে ভাঙ্গা আসবাবপত্র বের করে নিয়ে এসে সেগুলিতে আগুন লাগিয়ে দেয় শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। সেই সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১ টি ইঞ্জিন।

উত্তেজিত শ্রমিকদের দাবি, মালিক পক্ষ নিজেরা ঠিক করে কাঁচামালের যোগান দিতে পাচ্ছে না, মেশিনগুলো সব ঠিক করে চলে না তাই উৎপাদন কম হচ্ছে। সেখানে শ্রমিকদের কোনো দোষ না থাকা সত্ত্বেও মিল কর্তৃপক্ষ ইচ্ছা করে উৎপাদন কম হচ্ছে সেই অজুহাতে মিল বন্ধ করে দিয়েছে। অবিলম্বে মিল খুলতে হবে। আর গোটা ঘটনার পেছনে রাজ্য সরকারের হাত আছে বলে অভিযোগ করেছেন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, “আসলে আজকের ঘটনাটা শ্রমিকরা করেনি। ওখানে কিছু জেহাদি আছে যারা রাজ্য সরকার ও মিল কর্তৃপক্ষের হয়ে কাজ করে, আর ওরাই ইচ্ছা করে ট্রেড ইউনিয়নের অফিসে গিয়ে ভাঙ্গচুর করেছে যাতে মিলটা পুরো বন্ধ হয়ে যায়। আসলে রাজ্য সরকারের যে শ্রম দপ্তর আছে সেটা কোনো কাজের না। সরকারের চূড়ান্ত ব্যর্থতাই ধরা পড়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *