জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ এপ্রিল: ঘাটালে বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার সকালে ঘাটালে দলীয় পতাকা উত্তোলন করে সাংবাদিকদের ভারতী ঘোষ জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশমতো দেশের সর্বত্র আজকের দিনটি দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হচ্ছে। সেইমতো ঘাটাল সাংগঠনিক জেলাতেও স্থানীয় বিধায়ক শীতল কপাটের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালনের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে পুলিশের ভূমিকা প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন, নিরপেক্ষভাবে কোথাও কাজ করছে না রাজ্য পুলিশ। ভারতী ঘোষ জানান, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে জাগরণ দেখা দিয়েছে। এভাবেই মানুষ যখন জেগে উঠবে তখন তৃণমূলের পতন অনিবার্য।

এসএসসি দুর্নীতি নিয়ে বিজেপি নেত্রীর প্রশ্ন- ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ, আর তাদেরকেই পুলিশ দিয়ে পেটানো হচ্ছে, মানুষ সব দেখছে, এইসব অত্যাচার তারা আর কতদিন সহ্য করবে? বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক, ডেবরা, মেদিনীপুর, খড়গপুর সহ বিভিন্ন স্থানে দলের ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে বিজেপি নেতা কর্মীরা।


