কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট:
শুক্রবার শহিদ সম্মান যাত্রা কর্মসূচিতে ঘাটালে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার।
মন্ত্রীর বীরসিংহ যাওয়া উপলক্ষ্যে বিজেপি কর্মীরা রাস্তার ধারে ফ্লেক্স, পতাকা এবং ফুল দিয়ে যখন সাজাছিলেন সেই সময়ে তৃণমূল দুষ্কৃতীরা কাজল মান্না নামে বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত কাজলবাবুকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘাটালের বিধায়ক শীতল কপাট প্রশাসনকে মাত্র একদিন সময় দিয়েছেন। তিনি বলেছেন একদিনের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে তারা নিজেরাই যা করার করবেন।
আহত বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতে যান দলের রাজ্য সহ-সভানেত্রী ভারতী ঘোষ, ঘাটালের বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব। ভারতী ঘোষ বলেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরব হচ্ছি। তিনি বলেন, তৃণমূল দুষ্কৃতীরা ওই কর্মীকে মারধর করে সাদা কাপড় দেখিয়ে বলে এটা তোর বাড়িতে দিচ্ছি। ভারতী ঘোষ ঘাটাল থানার ওসি এবং পশ্চিম মেদিনীপুরের এসপির উদ্দেশ্যে দোষীদের গ্রেপ্তারের কথা বলেন। সম্প্রতি হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্য পুলিশের ওপর আস্থা নেই বলেই হাইকোর্ট সিবিআই তদন্তের কথা বলেছে। তিনি বলেন, মার খেয়েও আমাদের কর্মীরা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান সম্পন্ন করেছে।
ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা বিক্ষোভ করবো এবং আমরাই দোষীদের শাস্তি দেবো। তিনি বলেন, আমরা অনেক মার খেয়েছি এরপরে আর বরদাস্ত করব না।
আহত বিজেপির কর্মী কাজল মান্না বলেন, তাকে এবং আরও কয়েকজনকে মারধর করা হয়েছে, মোবাইল কেড়ে নেয় তৃণমূল দুষ্কৃতীরা।

