জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ: নির্বাচনের সময় এতো খুনখারাপি ও রক্তপাতের ঘটনায় এ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে দাবি করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ। সোমবার মেদিনীপুর আদালতে একটি মামলায় উপস্থিত হয় বিজেপি নেত্রী। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনের সময় দেশের মধ্যে এরাজ্যেই সবচেয়ে বেশি রক্তপাত ও সন্ত্রাসের ঘটনা ঘটে। রাজ্য পুলিশ এসব ঘটনার দ্রুত সমাধান করে না। সময় মত তদন্ত না করে ঘটনাগুলিকে ফেলে রাখে এবং শেষে পেন্ডিং স্ট্যাটাস দেখায়।

সাংবাদিকদের উদ্দেশ্যে ভারতী ঘোষ বলেন, ব্যারাকপুরে মনীশ শুক্লাকে কে খুন করেছিল, কিভাবে খুন হলো, তার যথাযথ উত্তর জনগণ পাননি। জনগণ যখন ভোট দিয়ে প্রতিনিধিদের ক্ষমতায় আনেন, তখন জনগণের জানার অধিকার আছে। হাওড়ায় আনিস খান খুন হওয়ার পর তাকে কিভাবে খুন করা হলো তা জানার জন্য তার বাবা উদগ্রীব হয়ে বসে আছেন। মানুষকে জানার অধিকার থেকে এ রাজ্যের পুলিশ প্রশাসন ও শাসক দল বঞ্চিত করছে। বিজেপি নেত্রী অভিযোগ করে বলেন, পুরুলিয়ার ঝালদা এবং উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে দু’জন জয়ী কাউন্সিলরের দায়িত্ব নেওয়ার আগে একই দিনে এবং প্রায় একই সময়ে গুলিতে খুন হয়ে যাওয়ার ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় এরাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে।

