ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে বালেশ্বর হাসপাতালে ভারতী ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে বালেশ্বর হাসপাতালে পৌঁছোলেন বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। এদিন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। খড়্গপুর শহরের কসিদা দাসের সঙ্গে দেখা করেন।

কসিদা তাঁর মেয়ে হীরা নায়েকের সঙ্গে কটকে চিকিৎসার জন্য এসেছিলেন। যশবন্তপুর এক্সপ্রেসে ফেরার সময় দুর্ঘটনায় মেয়ে হীরার মৃত্যু হয়। তিনি গুরুতর আহত অবস্থায় বালেশ্বর হাসপাতালে ভর্তি রয়েছেন। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। এদিন তার সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানান ভারতী ঘোষ। সাক্ষাতের পর ভারতী ঘোষ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজ্য প্রশাসন বলছে তাদের ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। এখানে ভালোই চিকিৎসা পাচ্ছেন আহতরা, সেটা দেখলাম। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভালো হলে এই মানুষরা চিকিৎসার জন্য ওড়িশায় আসতেন না।”

কটক এবং মেদিনীপুরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে গিয়েছিলেন। এ প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন,
“মুখ্যমন্ত্রী একবার আসুন বা দশবার আসুন। তার এই আসাতে চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো একটা পরিবর্তন হবে কিনা আমার জানা নেই। তার কারণ বাংলায় তো চিকিৎসা হয় না। এখানকার নব্বই শতাংশ মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে চলে যান। এমনকি মুখ্যমন্ত্রীর নিজের ভাইপো আমেরিকায় চলে গেছিলেন চিকিৎসার জন্য।”

রেল দুর্ঘটনার সঠিক কারণ জানতে এদিন সিবিআই তদন্ত শুরু হয়েছে। দশ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে। সিবিআই তদন্ত দ্রুত গতিতে হবে বলেই আশা প্রকাশ করে ভারতী বলেন, “সিবিআই এই দুর্ঘটনার তদন্ত করবে। আপনারা নিশ্চিতে থাকুন গোটা দেশ দুর্ঘটনার আসল কারণ জানতে পারবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *