কেশপুরের গরিব পরিবারের অংকে অনার্স ছাত্রকে ল্যাপটপ দিয়ে সহযোগিতা করলেন ভারতী ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এক মেধাবী ছাত্র সুশান্ত পড়িয়াকে ল্যাপটপ ও অন্যান্য পড়াশোনার সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। প্রতিবন্ধী বাবার একমাত্র ছেলে সুশান্ত, সামান্য একটু জমি চাষ করে সংসার চলে তাদের। মেধাবী ছাত্রটি ভালো নম্বর পেয়ে কেশপুর কলেজে তৃতীয় বর্ষে অংক নিয়ে পড়াশোনা করছে। আর্থিক অস্বচ্ছলতার কারণে সহযোগিতা করার আবেদন জানানোয় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ।

রবিবার বিকেলে মেদিনীপুর শহরে ওই ছাত্রকে ডেকে তার হাতে ল্যাপটপ তুলে দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। ইতি পূর্বেও তার পড়াশোনার জন্য বিভিন্ন রকমের বই ও নানা সামগ্রী ওই ছাত্রের হাতে তুলে দিয়ে উৎসাহিত করেছিলেন তিনি। রবিবার একটি নতুন ল্যাপটপ তার হাতে তুলে দিয়ে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভারতী ঘোষ বলেন, “ছেলেটি খুবই মেধাবী, কিন্তু প্রতিবন্ধী কৃষক বাবার সামর্থ্য নেই তার এই উচ্চ শ্রেণির পড়াশোনার জন্য সমস্ত সহযোগিতা করার। সহযোগিতার আবেদন করেছিলেন। ইতিপূর্বেও তাকে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সহযোগিতা করা হয়েছে। অংক নিয়ে পড়াশোনা করতে যে পরিকাঠামো যুক্ত ল্যাপটপের প্রয়োজন সেই ল্যাপটপ তাকে দেওয়া হল। ভবিষ্যতেও সহযোগিতা করা হবে। এই ধরনের মেধাবীরা সমাজে প্রতিষ্ঠিত হোক, আরো পাঁচজনকে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করুক আমি সেটা চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *