বিজেপি বিধায়ককে সরকারি সভায় না ডাকার অভিযোগ ভারতী ঘোষের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে সরকারি কোনো সভায় ডাকা হয়নি বলে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর ও ঘাটাল কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জয়ী হন। কিন্তু এই দুই বিজেপি বিধায়ককে কোনোরকম প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না।

রবিবার দাসপুরের একটি শনি ও কালী মন্দিরে পুজো দিতে আসেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পুজো দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে অভিযোগ করেন, প্রশাসনের কোনো সভাতেই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে ডাকা হয় না। ঘাটালের বিধায়ক মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তিনি বোঝেন ঘাটালের মানুষের জন্য কি করলে ভালো হবে। তাই তাকে বাদ দিয়েই প্রশাসনিক সভা করা হয় বলে অভিযোগ করেন ভারতী ঘোষ। তিনি বলেন, দীপক অধিকারী সিনেমা জগতের মানুষ। ঘাটালের সাংসদ হলেও ঘাটালবাসীকে খুব বেশি সময় দিতে পারেন না। ঘাটালের মানুষের সমস্যা ও সুখ-দুঃখ তিনি বোঝেন না। এজন্য ঘাটাল মাষ্টার প্ল্যান এখন রেফ্রিজারেটরে ঢুকে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *