পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৫ জানুয়ারি: বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, আবাস দুর্নীতি, আইসিডিএস এ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার ২নং অঞ্চলে এক সম্মেলনের আয়োজন করে মেদিনীপুর গ্রামীণ পশ্চিম মন্ডল বিজেপি। এখানেই রাজ্য সরকারকে আক্রমণ করেন ভারতী ঘোষ।
উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ ছাড়াও মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অরূপ দাস, যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সেই সম্মেলনে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, আবাস যোজনার দুর্নীতি, আইসিডিএস এ দুর্নীতি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।

তবে এই অঞ্চল সম্মেলন শুরু হওয়ার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাম ছাড়া আবাস যোজনার দুর্নীতিকে সামনে রেখে একটি বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। বেশ কিছুক্ষণ অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তবে ডেপুটেশন জমা দিতে গেলে সেখানে দেখা মেলেনি অঞ্চল প্রধান ও উপপ্রধানকে। যদিও অঞ্চল প্রধানের টেবিলে ডেপুটেশন জমা দিয়ে আসেন বিজেপি কর্মীরা। তবে আবাস যোজনার দুর্নীতি রুখতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের সামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি কর্মীরা। ডেপুটেশন জমা দিয়ে বিজেপির মন্ডল সভাপতি সুজিত জানা বলেন, “ভয় পেয়ে পালিয়ে গেছেন অঞ্চলের প্রধান ও উপপ্রধান।”

অপরদিকে, অঞ্চল সম্মেলনে যোগ দিয়ে আবাস যোজনায় বঞ্চিত দরিদ্রদের সাথেও কথা বলেন ভারতী ঘোষ। দ্রুত আবাস যোজনায় বঞ্চিত দরিদ্রদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বকে। কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধি দল তদন্তে এলে সেই তালিকা প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে মেদিনীপুর জেলার বিজেপি মুখপাত্র অরূপ দাস তৃণমূল নেতাদের বেঁধে মারার হুমকি দিয়েছেন।

