আমাদের ভারত, কৃষ্ণনগর, ৩০ ডিসেম্বর: আজ ভারতীয় কিষাণ সংঘের নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে ‘সদস্য সংগ্রহ অভিযান’ করার জন্য বিভিন্ন জায়গায় বৈঠক করা হয়। গত ১ ডিসেম্বর থেকে ভারতীয় কিষাণ সঙ্ঘের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ সংঘের নদিয়া জেলার সম্পাদক মিলন খামারিয়া, কোষাধ্যক্ষ অশোক বিশ্বাস ও জেলার সদস্য নির্মল বিশ্বাস।
এদিন সকাল বেলায় চাপড়া ব্লকে সদস্য সংগ্রহের জন্য বৈঠক করেন মিলন খামারিয়া। সেখানে ভারতীয় কিষাণ সঙ্ঘ সম্পর্কে আলোচনা করার পর চাষিদের সদস্য করা হয়।

তারপর করিমপুর-২ ব্লকের কাঁঠালিয়া(নতুন বাজার) ও গোপালপুর-এ বৈঠক করা হয়। এই বৈঠকে চাষিরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাট, পিঁয়াজ, বাঁধকপি ও অন্যান্য অনেক ফসলের দাম তারা পাচ্ছেন না বলে জানান। অকাল বৃষ্টিতে তাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু বীমার টাকা কেউ পাননি বলেও জানান চাষিরা। এমনকি তারা রাজ্য সরকারের দেওয়া বীজও পাচ্ছেন না বলেও জেলা সম্পাদককে জানান তারা।
আজকের এই বৈঠক সম্পর্কে মিলন খামারিয়া বলেন,
“আমরা জানি যে চাষিরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমরা ইতিপূর্বে ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। আমাদের সদস্য সংগ্রহ অভিযান শেষ হলে নতুন সদস্যদের নিয়ে আমরা কৃষকের ফসলের লাভকারী মূল্যের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে যাবো।”

