হিন্দু বাঙালির শেষ আশ্রয় স্থল ভারতীয় জনতা পার্টি, বাংলা থেকে তৃণমূলকে বিজেপিই উৎখাত করবে: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২ মার্চ: হিন্দু বাঙালির শেষ আশ্রয় স্থল ভারতীয় জনতা পার্টি। সাগরদিঘির ফলাফলের পরেও হুঙ্কার দিয়ে জোর গলায় দাবি সুকান্ত মজুমদারের। তাঁর কথায়, তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে পারে একমাত্র বিজেপি।

সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের সিংহভাগ মানুষের সমর্থন বিজেপির সঙ্গেই থাকবে কারণ তারা জানে তাদের কেউ বাঁচাতে পারলে বিজেপিই পারবে‌। কারণ হিন্দু বাঙালির শেষ আশ্রয়স্থল ভারতীয় জনতা পার্টি।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গণতন্ত্র থাকলে হার জিত দুই-ই থাকবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে মমতার বিলম্বিত বোধোদয় বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

তবে সাগরদিঘিতে ফ্লোটিং ভোট যে কংগ্রেসের কাছে গেছে এটা অস্বীকার করার জায়গা নেই বলেই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, এই ভোটাররা কারা জিতবে তার উপর নির্ভর করে ভোট দেয়।

তবে সুকান্ত মজুমদারের দাবি, “আমরা ফিসফ্রাই রাজনীতি করি না, আমরা তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করে ছাড়বো। পঞ্চায়েত ভোট হলেই আপনারা বুঝতে পারবেন।”

আজ থেকে কলকাতায় গঙ্গার ঘাটে বেনারসের ধাঁচে গঙ্গা আরতি শুরু হয়েছে সরকারের উদ্যোগে। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, হিন্দু ভোট পাওয়ার লক্ষ্যেই হয়তো গঙ্গা আরতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে পাপ উনি করেছেন তাতে গঙ্গাস্নান করলেও তা থেকে মুক্তি নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *