সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। সাংগঠনিক শক্তিকে ভিত্তি করেই সাফল্যের মুখ দেখতে চাইছে গেরুয়া শিবির। তাই, পুরুলিয়ায় শাখা সংগঠনকে উজ্জীবিত করছে বিজেপি। সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে উপরের সারিতে থাকা ওবিসি ভোট ব্যাঙ্ক পাখির চোখ করছে তারা। ভারতীয় জনতা ওবিসি মোর্চার রাঢ় বঙ্গ জোনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল।

পুরুলিয়া শহর লাগোয়া লাগদা গ্রামের একটি বেসরকারি হোটেলের লনে ওই সভায় যোগ দিয়েছিলেন সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব ছাড়াও সাংসদ, বিধায়ক, জেলা বিজেপির নেতৃত্বরা। ছিলেন বিজেপির রাঢ় বঙ্গ জোনের অন্তর্গত ৮ টি সাংগঠনিক জেলার ২৬৭ টি মণ্ডলের প্রতিনিধিরা। ২০১৫ সালে বিজেপি তাদের ওবিসি মোর্চার শাখার প্রতিষ্ঠা করে। তুলনায় নবীন এই সংগঠনের উপরই নির্ভরশীল দল। সভায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত মণ্ডল এই রাজ্যের ওবিসি ক্যাটাগরি নিয়ে তুমুল সমালোচনা করেন।
ভারতীয় জনতা ওবিসি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক সুভাষ মাহাতো বলেন, “ওবিসি সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। পঞ্চায়েত ভোটে সর্বাধিক সংখ্যক সমর্থন টানতে আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছি। মূল সংগঠনের সঙ্গে আমাদের প্রতিনিধি একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

সভায় বিজেপির ওবিসি মোর্চার পরিবারের শহিৃদদের স্মরণ করা হয়। তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধিত করে সন্মান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন উদ্যোগী সংগঠনের রাজ্য সভাপতি অজিত দাস, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির পুরুলিয়া জোনের আহ্বায়ক বিদ্যাসাগর চক্রবর্তী, বিধায়ক ও অন্যান্য নেতৃত্বরা।

