করোনার প্রথম ন্যাজাল ভ্যাকসিন বাজারে আনল ভারত বায়োটেক, দামে সস্তা হবে টিকা, জানালো সংস্থা

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে এখন। তার মধ্যেই বাজারে চলে এল করোনার ন্যাজাল ভ্যাকসিন। ভারত বায়োটেক এই ন্যাজাল ভ্যাকসিন আনছে বাজারে। জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের জন্য এই ন্যাজাল ভ্যাকসিন ব্যবহৃত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

বিশ্বের মধ্যে ভারত বায়োটেক প্রথম এই ন্যাজাল ভ্যাকসিন বাজারে আনল। ইনজেকশনের মাধ্যমে নয় এই টিকা নেওয়া যাবে নাকে ড্রপের সাহায্যে। গত মাসেই টিকা তৃতীয় ট্রায়াল শেষ হয়েছে। ড্রাগ রেগুলেটরি অথরিটির কাছে ভারত বায়োটেকের যে রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হয়েছে এই টিকার দাম অনেকটাই সস্তা হবে। যে সকল দেশের নাগরিকদের গড় রোজগার কম সেই সব দেশে এই ন্যাজাল ভ্যাকসিন খুবই কার্যকর। আমেরিকান ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করছে ভারত বায়োটেক।

এই টিকা তৈরির খরচের একটি অংশ ভারত সরকারের কোষাগার থেকেও খরচ হয়েছে। কোভিড সুরক্ষা প্রোগ্রামের অধীনে এই টাকা দেওয়া হয়েছে। অন্যান্য টিকার মতই ন্যাজাল ভ্যাকসিনের দুটি ডোজে টিকাকরণ সম্পন্ন হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন এবং মানব সম্পদকে কাজে লাগিয়েছে।

ভারত বায়োটেক থেকে বলা হয়েছে করোনা ভাইরাসের ওমিক্রন রূপের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে কার্যকরী ভূমিকা পালন করবে এই ন্যাজাল ভ্যাকসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *