বিভেদকামী শক্তি হতে সাবধান! বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে লোকসভা নির্বাচনের বার্তা ভাগবতের

আমাদের ভারত, ২৪ অক্টোবর: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ তথা আরএসএসের বিজয়া দশমীর উৎসব অনুষ্ঠান শুরু হয় কর্মীদের রুট মার্চের মাধ্যমে, যা সংগঠনের ভাষায় পথ সঞ্চালন নামে পরিচিত। মঙ্গলবার মহারাষ্ট্রের নাগপুরে শুরু হয় এই অনুষ্ঠান। সেখানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, নির্বাচন আসছে, মনে রাখবেন ভোট দেওয়া প্রতি নাগরিকের কর্তব্য। সেই কর্তব্য পালন করা উচিত। শান্ত মনে চিন্তা করুন কে ভালো? কে ভালো কাজ করছে। ভারতীয় জনগণের সব কিছুর অভিজ্ঞতা রয়েছে। যারা সেরা তাদের ভোট দিন।

আরএসএস প্রধানের নিশানা এবার ছিল সাংস্কৃতিক মার্কসবাদীরা। তাদের ধ্বংসাত্মক শক্তির সঙ্গে তুলনা করেছেন তিনি। অভিযোগ করে মোহান ভাগবত বলেন, বিশ্বের শান্তি বিঘ্নিত করাই এই সাংস্কৃতিক মাসবাদীদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তাদের স্বার্থপর, বৈষম্যমূলক, প্রতারকশক্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি। তাঁর মতে, এই ভাবধারা মিডিয়া নিয়ন্ত্রিত ও বিভ্রান্তি তৈরি করে।

ভাগবত বলেন, ভারতের উত্থানের উদ্দেশ্য বিশ্বের কল্যাণ সাধন। স্বার্থপর বৈষম্যমূলক এবং প্রতারক শক্তিগুলি তাদের সাম্প্রদায়িক স্বার্থের জন্য সামাজিক সংহতিকে বিঘ্নিত করার চেষ্টা করছে। একইসঙ্গে বিভেদকামী শক্তি সংঘাতের প্রচারের জন্য নিজস্ব প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভাগবত। বিনাশকারী শক্তির মধ্যেকার একাংশ হিসেবে সাংস্কৃতিক মাকর্সবাদীদের অভিহিত করেছেন তিনি।

বিজয় দশমীর অনুষ্ঠানে জাতীয় সংহতি রক্ষার ওপরেও জোর দেন সংঘপ্রধান। সংহতি রক্ষায় তিনটি বিষয়ে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, মাতৃভূমির প্রতি ভক্তি, পূর্বপুরুষের প্রতি গর্ব, ভারতীয় সংস্কৃতি রক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।

অযোধ্যা মন্দিরের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আগামী বছর ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। উদ্বোধনের অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে দেশের সমস্ত মন্দিরে অনুষ্ঠান করার আবেদন জানান তিনি। বিজয়া দশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান মোহন ভাগবত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *