স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর ১২ জুলাই: সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অনুমোদিত ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের বোর্ড লাগিয়ে সাধারন যুবক যুবতীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে। আজ সোমবার তাঁকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।
রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ ভার্মা জানিয়েছেন, বেঞ্জামিন হেমব্রমকে আদালতের কাছ থেকে পুলিশ রিমান্ডে নিয়ে এর সাথে আর কারা কারা যুক্ত রয়েছেন তার তদন্ত শুরু করা হবে৷ ধৃত বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে ৪১৯/৪২০/৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। উল্লেখ্য রবিবার বিকেলে রায়গঞ্জের চন্ডীতলা এলাকার একটি ফ্ল্যাট থেকে হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের বোর্ড লাগানো গাড়ি সহ বেঞ্জামিন হেমব্রমকে গ্রেপ্তার করে কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রয়োজনীয় কাগজপত্র। তাকে নিয়ে আসা হয় রায়গঞ্জ থানার লকআপে। পুলিশ সুপার অর্শ ভার্মা জানিয়েছেন, একটি এনজিও’র নাম করে কেন্দ্রীয় সরকারের হিউম্যান রাইটস কাউন্সিলের বোর্ড লাগিয়ে প্রচুর প্রতারনার অভিযোগ উঠেছিল ধৃত বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে৷

