ব্রিগেডের মঞ্চে বিজেপির পতাকা হাতে নিলেন বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ:
কলকাতায় ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগদান করলেন বাংলার মহাগুরু। মিঠুন চক্রবর্তীকে ব্রিগেডের মঞ্চে দলীয় পতাকা তুলে দিলেন কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপিতে যোগদান করার জন্য শনিবার রাতেই কলকাতায় আসেন মিঠুন চক্রবর্তী। আজ সকালে ধুতি পাঞ্জাবি পরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাঁকে ব্রিগেডের মঞ্চে স্বাগত জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এরপর মঞ্চে মিঠুন চক্রবর্তী একে একে সমস্ত বিজেপি নেতাদের সঙ্গে পরিচয় সারলেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে পরিচয় সারার জন্য বিজেপি সাংসদদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। সাংসদ সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকার, সুনীল মণ্ডলরা নমস্কার জানিয়ে তাঁর সঙ্গে পরিচয় পর্ব সারেন। তথাগত রায় সঙ্গে পরিচয় করতে মিঠুন চক্রবর্তী নিজেই এগিয়ে যান। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে পা ছুঁয়ে প্রণাম করেন বাংলার মহাগুরু।

পরিচয়পর্ব শেষ করে এরপর মিঠুন চক্রবর্তী দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মহাগুরুকে দেখতে পেয়ে বিজেপি কর্মীর উল্লাস শুরু করেন। বিজেপির অনেক মহিলা মোর্চার কর্মী মিঠুন চক্রবর্তীকে শঙ্খ বাজিয়ে অভিবাদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *