আমাদের ভারত, ১৬ জুন: “দ্রুত স্কুল খোলার দাবি জানাই শিক্ষা দফতরের কাছে। এই শিক্ষাবর্ষের জন্য একাডেমিক পরিকল্পনা দ্রুত প্রকাশ করার দাবি জানাই। যাতে সুষ্ঠুভাবে এই শিক্ষাবর্ষ শিক্ষার গুণমান বজায় রেখে সম্পূর্ণ করা যায়।“ বৃহস্পতিবার এই প্রতিবেদকের মাধ্যমে আর্জি জানালেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামানিক।
তাঁর মতে, “অবিবেচকের মত গরমের ছুটি না বাড়িয়ে আবহাওয়া দফতরের সাথে আলোচনা করে এক সপ্তাহ করে ছুটি দিলে অতদিন ছাত্রছাত্রীরা পঠনপাঠন ব্যবস্থার বাইরে থাকতো না। শিক্ষাবর্ষের প্রায় ৬ মাস অতিক্রান্ত কিন্তু এখনও শিক্ষা দফতর শিক্ষাবর্ষের কোনও সুস্পষ্ট নির্দেশিকা দিতে পারেনি।
এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সহ সমস্ত ছাত্রছাত্রীদের অতিমারী পর্ব থেকে বহুদিন স্কুল বন্ধ থাকায় মানসিকভাবে তারা পঠনপাঠন পদ্ধতির বাইরে চলে গেছিল। তাদের আবার যখন এই পদ্ধতিতে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে, তখন অবিবেচকের মত লম্বা ছুটি দিয়ে আসলে বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিকে বেসরকারিকরণের মধ্যে নিয়ে চলে এল শিক্ষা দফতর। অন্যদিকে বেসরকারি স্কুলগুলো চলছে।“

