পুলিশের নির্যাতনের কড়া প্রতিবাদ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘর

আমাদের ভারত, ২১ অক্টোবর: টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ওপর পুলিশের নির্যাতন ও সরকারের ভূমিকার কড়া প্রতিবাদ জানাল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সঙ্ঘ।

সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “টেট উত্তীর্ণ
আন্দোলনকারীদের ওপর গতকাল গভীর রাতে পুলিশি অত্যাচার ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানায় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সঙ্ঘ।

গত তিন দিন ধরে ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তৎকালীন শূন্য পদের নিয়োগের দাবিতে করুণাময়ীতে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। শিক্ষক নিয়োগে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, তা আজ প্রমাণিত। অথচ অযোগ্যদের বরখাস্ত করে যোগ্য প্রার্থীদের নিয়োগের ন্যায়সঙ্গত দাবিতে অনশন আন্দোলন ৮৪ ঘন্টা ধরে চললেও সরকারের তরফে
আন্দোলনকারীদের দাবিকে স্বীকৃতি না দিয়ে গতকাল মধ্যরাতে বিরাট পুলিশ বাহিনী লাঠিচার্জ করে ও তাদের তুলে নিয়ে যায়। এই ভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করার তীব্র নিন্দা জানায় সঙ্ঘ।

আমাদের সংগঠনের দাবি:
১) “২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের তৎকালীন শূন্যপদের নিরিখে দ্রুত নিয়োগ করতে হবে।

২) সমস্ত শূন্যপদে অতি দ্রুত স্বচ্ছ ভাবে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে।

৩) শিক্ষক -শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *