বাংলা চর্চা ৩৫! শব্দের উৎপত্তি

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৪ জুন: আমরা নিয়মিত অনেক শব্দ ব্যবহার করি যেগুলোর উৎপত্তির সঠিক উৎস সম্পর্কে জানা নেই। এরকম অজস্র শব্দভান্ডার রয়েছে বাংলা শব্দভান্ডারে। আজ তার গুটিকয়।

*কোলা ব্যাঙ*— উভচর, পেট মোটা এবং আকারে সামান্য বড়ো ব্যাঙকে কোলা ব্যাঙ বলা হয়। ‘কোলা’ ফারসি শব্দ। এর অর্থ : ডোবা, ছোটো পুকুর, অগভীর জলাশয় প্রভৃতি। এরা সাধারণত অগভীর জলাশয় বা ছোটো পুকুরে বাস করে।

*কুনো ব্যাঙ*— গ্রামাঞ্চলে স্যাঁতসেঁতে ঘরের মেঝের কোণে এদের পাওয়া যায়। ঘরের কোণে বসবাস করে বলে এদের নাম ‘কুনো ব্যাঙ’।

*ভাশুর*— সংস্কৃত ‘ভ্রাতৃশ্বশুর’ থেকে কথাটির উদ্ভব। ভাশুর তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। সমার্থক শব্দ বটঠাকুর। এটি বাংলা শব্দ।

*অভ্যুত্থান* — শব্দের মূল ও আদি অর্থ কাউকে সম্মান প্রদানের জন্য আসন থেকে উঠা বা উন্নত, উদ্গত হওয়া, অভ্যুত্থিত হওয়া প্রভৃতি। তবে শব্দটি এখন তার মূল অর্থ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এখন অভ্যুত্থান বলতে জোরপূর্বক কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, অভ্যুত্থান (অভি+উত্থান) অর্থ (বিশেষ্যে) গণআন্দোলন, বিদ্রোহ, সেনাবিদ্রোহ; উত্থান, উদয়; উন্নতি, সমৃদ্ধি।

*নাভিশ্বাস*— আভিধানিক অর্থ শেষ অবস্থা, চরম অবস্থা। মৃত্যুর প্রাক্কালে নাভিদেশ হতে ঊর্ধ্বমুখী যে শ্বাসটান দেখা যায় সেটাকে নাভিশ্বাস বলে। মানুষের জীবনের শেষ মুহূর্তে এমন ঘটনা ঘটে। নাভিশ্বাস উঠলে বুঝতে হবে তার শেষ অবস্থা।
সূত্র— ড. মোহাম্মদ আমীন (শুদ্ধ বানান চর্চা)।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *