অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১০ মে: রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে যে কতভাবে সমৃদ্ধ করেছেন তার তুলনা পাওয়া দুষ্কর। রবীন্দ্রপক্ষে তার ওপর আলোকপাত করতে শুভজিৎ পাত্রের একটি লেখার শরণাপন্ন হচ্ছি।
শুভজিৎবাবু লিখেছেন, “বাংলা শব্দতত্ত্ব’ বইতে বিদেশি নতুন শব্দের বাংলা প্রতিশব্দ নির্মাণ নিয়ে তাঁর গভীর ভাবনা-চিন্তার কথা জানা যায়। বইটিতে ৯১৩টি নতুন বাংলা পরিভাষা নির্মাণ করেছিলেন রবীন্দ্রনাথ। ‘অবলাবান্ধব’ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় Sympathy শব্দটির বাংলা প্রতিশব্দ হিসাবে ‘সহানুভূতি’ শব্দটি নির্মাণ করেছিলেন। কিন্তু এই নতুন শব্দ তেমন পছন্দ ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি এর বদলে অনুকম্পা কিংবা দরদ শব্দটি ব্যবহারের পক্ষপাতী ছিলেন। আমাদের মনে পড়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে’ ছোটোগল্পে লেখক সহানুভূতি শব্দটি ব্যবহার না করে চমৎকারভাবে ব্যবহার করেছিলেন ‘দরদ’ শব্দটিকেই।
এছাড়া Culture শব্দটির প্রচলিত কৃষ্টি প্রতিশব্দটি পছন্দ ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের। তাই সুনীতি চাটুজ্যের মধ্যস্থতায় তিনি শ্রুতিসুখকর সংস্কৃতি শব্দটি ব্যবহার করেছিলেন। আর পরবর্তীতে এই শব্দটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে যায়। বুদ্ধদেব বসু গড়েছিলেন লোকপ্রিয় শব্দটি Popular এর বাংলা পরিভাষা হিসাবে কিন্তু সকলেই অবগত রবীন্দ্রনাথ ঠাকুরের নির্মিত জনপ্রিয় শব্দটির ব্যবহার এই প্রসঙ্গে অনেক গুণ বেশি। আর পরিভাষা নির্মাণে তিনি যে সর্বদা সংস্কৃত ভাষার দ্বারস্থ হয়েছেন তেমনটা ভাবা ঠিক নয় বরং কোনও শব্দ বাংলায় সহজে প্রচলিত হতে পারে সেটাও তাঁর বিবেচনায় ছিল।
রিপোর্ট এর বাংলা প্রতিশব্দ প্রতিবেদন এবং রেডিও-র বাংলা পরিভাষা আকাশবাণী স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের করা।
জাতি বলতে আমরা Genus, Species, Nation, Race, Caste সবকিছুই বুঝি। যেমন নারীজাতি, পুরুষজাতি আবার বাঙালি জাতি বা তামিল জাতি। এই বিভ্রান্তি কাটাতে রবীন্দ্রনাথ Nation অর্থে অধিজাতি, National অর্থে আধিজাতিক শব্দ ব্যবহারের পক্ষপাতী ছিলেন। খোদ নেশন শব্দটিও বাংলায় ব্যবহার করতে দ্বিধা করেননি তিনি। অ র্থাৎ পরিভাষা নির্মাণে কতখানি মুক্তমনা ছিলেন তিনি তা সহজেই বোঝা যায়। race শব্দটির বাংলা প্রতিশব্দ তিনি করেছিলেন প্রবংশ, Tribes অর্থে জাতি-সম্প্রদায়।
তাঁর করা সব প্রতিশব্দ বঙ্গজীবনে গৃহীত না হলেও আমরা ঐচ্ছিক ছাড়া কি Optional এর অন্য কোনো প্রতিশব্দ নির্মাণ করতে পেরেছি? ঐচ্ছিক, প্রতিষ্ঠান–এই সকল শব্দও তো তাঁর-ই সৃষ্ট।“
(ঋণ— ফেসবুকের ‘অক্ষর’ শুদ্ধ বানান ও ভাষাচর্চা’ গ্রুপ)

