“বাংলা নিজের মেয়েকেই চায়”, স্লোগানের উদ্বোধন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি: “বাংলা নিজের মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়” গতকাল রাজ্য তৃণমূল কংগ্রেসের এই স্লোগান উদ্বোধনের পর আজ রায়গঞ্জে দলীয় জেলা কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস এই স্লোগানের উদ্বোধন করল। উদ্বোধন করলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে জেলা তৃণমূল কংগ্রেস ভবনে রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের নতুন স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়” উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী গোলাম রব্বানি ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর অরিন্দম সরকার, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পুষ্পা মজুমদার সহ শীর্ষ নেতৃত্ব।

অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, গতকাল রাজ্য সভাপতি সুব্রত বক্সির পর আজ এই জেলায় আমরা নতুন স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়”-এর উদ্বোধন করলাম। জেলার প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে এই স্লোগান তুলে ধরা হবে। বিজেপি বাংলার কৃষ্টি জানে না, তারা বাংলার সংস্কৃতি জানে না। বাংলার মানুষ দেখেছেন জাতপাত ভুলে সকল মানুষকে সাথে নিয়ে রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলা নিজের মেয়েকেই চায় আবারও মুখ্যমন্ত্রীর পদে। বাংলায় ক্ষমতায় আসবে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *