পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারি: ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হল বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক। কড়া পদক্ষেপ গ্রহণ দক্ষিণ দিনাজপুরে। ১২ জন ঋণ গ্রহীতার সম্পত্তি নিলাম করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার যার মধ্যে ৭ জনের সম্পত্তি প্রায় ৩ কোটি টাকা নিলামের মাধ্যমে বিক্রি করে দিয়েছে ব্যাঙ্ক।
ব্যাঙ্ক সুত্রের খবর, জেলাজুড়ে ২৯টি ব্রাঞ্চের ১৩ জন গ্রাহক দীর্ঘদিন ধরে তাদের ঋণ পরিশোধ করেননি। একাধিকবার জানানোর পরেও তারা ব্যাঙ্কের কথায় কর্ণপাত করেনি। এরপরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে ঋণ খেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাঙ্ক। আর তারপরেই একপ্রকার বাধ্য হয়ে ১৩ জনের সম্পত্তি নিলামের সিদ্ধান্ত নেয় ব্যঙ্ক কর্তৃপক্ষ। যাদের মধ্যে ১ জন তার ঋণ পরিশোধ করলেও বাকিরা করেনি। যাদের সম্পত্তিই এদিন নিলাম করা হয়েছে।
বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের রিজিওয়নাল ম্যানেজার সঞ্জয় কুমার ধর জানিয়েছেন, ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবায় সদা সচেষ্ট থাকে। সম্পত্তি নিলাম করতে তারাও চান না, কিন্তু কিছু ক্ষেত্রে বাধ্য হন তারা। কিছু গ্রাহক ব্যাঙ্কের নিয়ম মানছেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এদিন নিলাম করা হয়েছে।

