Fish Fest, West Midnapur, বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬ হলো পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: মাছ খাওয়ার অভ্যাসকে আরও উৎসাহিত করা এবং স্থানীয় মৎস্যচাষি ও উদ্যোক্তাদের উৎসাহ দিতেই শুক্রবার পশ্চিম মেদিনীপুরে আয়োজিত হলো জেলা পর্যায়ের “বেঙ্গল ফিশ ফেস্ট–২০২৬”। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদন প্রাঙ্গণে।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সন্ধে ৬টা পর্যন্ত চলা এই উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ জ্যোতিপ্রসাদ মাহাত, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মৌমিতা সাহা, বিধায়ক সুজয় হাজরা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই ফেস্টের মূল উদ্দেশ্য মাছভিত্তিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানো। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টলও ছিল। মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য মাছের খাদ্য, ওষুধ এবং মাছ থেকে তৈরি নানা মূল্য সংযোজিত পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন সামগ্রীর স্টলও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

সাংস্কৃতিক পর্বে জেলা লোকশিল্পীদের পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি মৎস্য শিল্পের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *