মদ লটারিতেই বাংলা শেষ, রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে সুর চড়ালেন সুকান্ত, সুজন, অধীর

আমাদের ভারত, ২০ জুলাই: বর্ধমানের পর এবার হাওড়া ঘুসুড়িতেও বিষ মদ খেয়ে মৃত্যুর অভিযোগ মিলেছে। মদের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছয় জনের। আর তারপরই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে সিপিআইএমের সুজন চক্রবর্তী, কংগ্রেসের অধীর চৌধুরী সরকারকে আক্রমণ করেছেন। সুকান্তের কথায়, মদ লটারিতেই শেষ হয়ে গেল বাংলা। সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্যের রাজস্ব আসে মদ বিক্রি থেকে।

বিজেপি রাজ্য সভাপতি হাওড়ায় বিষ মদে মৃত্যুর ঘটনার পর বলেন, “বাংলায় মদ লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ। সরকারের সব থেকে বেশি আয় মদ থেকে। মাননীয়া মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে যে টাকা দিচ্ছেন, তা চলে যাচ্ছে পরিবারের পুরুষদের হাতে। সেই টাকায় তারা মদ খাচ্ছে আর এভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে।” অন্যদিকে হাওড়ার ঘটনার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মদের রাজস্বে চলছে রাজ্য”। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, “রাজ্যে সংঘটিত অপরাধ চলছে”।

বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, এই বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। তার পাল্টা প্রশ্ন “বামফ্রন্ট সরকার শেষ বছরে কত মদের দোকানের লাইসেন্স তৈরি করেছেন জানেন?”

হাওড়ায় যে ঘটনা ঘটেছে তার মূল অভিযুক্ত প্রতাপ এখন পলাতক। জানা গেছে, হাওড়ার মালিপাড়া থানার ঘুসুড়ি এলাকায় বহুদিন ধরেই ওই মদের ঠেক চালাচ্ছিল সে। সন্ধ্যে হতেই সেখানে ভিড় জমাতো এলাকার শ্রমিকরা। মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন এলাকার বেশ কিছু মানুষ। মদ খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অনেকে বমি করতে শুরু করে তারপর অবস্থার অবনতি হতে থাকে অনেকে বাড়িতে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *