কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দুর্গাপুজোয় জনসংযোগ ও প্রচারের বড়সড় পরিকল্পনা বঙ্গ বিজেপির

আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। পুজো কমিটিগুলির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এদিকে শারদ উৎসবে রাজনৈতিক প্রচারের সুযোগও হাতছাড়া করতে চাইছে না কোনো দল। কারণ বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে নজর রেখেই দুর্গা পুজোতেও সব দলই নিজের মতো করে প্রচার চালাবে। মোদী সরকারের একাধিক ফলপ্রসূ প্রকল্পের ও সাফল্যের প্রচার চালাবে বঙ্গ বিজেপিও। সূত্রের খবর, তার পরিকল্পনাও শুরু হয়েছে।

লোকসভা ভোটকে সামনে রেখে দুর্গাপুজোকে জনসংযোগের অন্যতম জায়গা বলেই মনে করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই নেতাদের এলাকার
পুজোগুলিতে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বঙ্গ বিজেপি নির্দিষ্ট কিছু পদক্ষেপ করছে। সূত্রের খবর, সম্প্রতিক চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে জি-২০ সম্মেলন। সমস্ত প্রচারেই এইগুলো মূল বিষয়বস্তু হিসেবে উঠে আসবে।

এছাড়াও সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমানো থেকে মোদী সরকারের একাধিক প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে যাবে বঙ্গ বিজেপি শিবির। দর্শনার্থীদের নজর কাড়তে রাজ্যজুড়ে বড় বড় হোর্ডিং বানানো হবে জনবহুল এলাকা সহ পুজো মন্ডপের সামনে। এই সব হোর্ডিং-এ বড় বড় ছবি থাকবে নরেন্দ্র মোদীর।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্র সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে জনবহুল জায়গায় প্রচারের নির্দেশ দিয়েছে। এতে প্রতিমা দর্শন করতে আসা মানুষের সহজেই চোখে পড়বে সেগুলো। প্রতি বুথে কমপক্ষে তিনটি করে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং লাগানোর কথা বলা হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুজোর সময় জনসংযোগ আরো গাঢ় করার নির্দেশ এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। প্রধানমন্ত্রীর নানা কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে দুর্গাপুজোর মন্ডপে মন্ডপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *