আমাদের ভারত, ১ মার্চ: জল্পনা ছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে পরিবর্তন যাত্রা শুরুর দিনেই ব্রিগেডে বিজেপির সভার দিন ঠিক হয়ে গেল। আগামী ১৫ মার্চ হবে বিজেপির ব্রিগেড। সেখানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।বিধানসভা নির্বাচনের এই সভাকে সফল করতে তৎপরতা শুরু করেছে বঙ্গ বিজেপি।
রবিবার থেকেই রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতারা পরিবর্তন যাত্রার জন্য রাজ্যে এসেছেন। পরিবর্তন যাত্রায় অংশ গ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিবর্তন যাত্রার পরেই ব্রিগেডে সভার পরিকল্পনা করা হয়েছে।
ইতিমধ্যেই এস আই আর- এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বাংলায়। কয়েকদিনের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্টও ঘোষণা হয়ে যেতে পারে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। রাজ্যে এবার পরিবর্তন হবে বলে আশাবাদী পদ্ম শিবির। পরিবর্তন যাত্রার পর ব্রিগেডের সভা থেকে সেই বার্তাই আরো জোরালো ভাবে দিতে চাইছেন তারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সভা হবে। সাধারণ মানুষকে বেশি বেশি সংখ্যায় এই সভায় আসার আহ্বান জানিয়েছেন বঙ্গের পদ্ম নেতারা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও ব্রিগেড সভা করেছিল বিজেপি। সেখানেও প্রধান বক্তা ছিলেন মোদী। আর সেই সভাতেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির সেই সভাতে মিঠুনের উচ্ছ্বশিত প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী। একুশের নির্বাচনের পর বিজেপির বিভিন্ন প্রচারে দেখা গেছে মিঠুনকে। ২৬- এর নির্বাচনের আগেও ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজেপির প্রচারে অংশ নিচ্ছেন তিনি। ১৫ মার্চ ব্রিগেডের সভা। এবারেও মিঠুন থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ব্রিগেডের সভা সফল করতে বিজেপি নেতৃত্ব বদ্ধপরিকর তা বুঝিয়ে দিয়েছেন সকলেই। ফলে এই সভা থেকে মোদী কি বার্তা দেন তার দিকে নজর সকলের।

