১৫ জুন খুলছে বেলুড় মঠ

আমাদের ভারত, হাওড়া, ১১ জুন: দক্ষিণেশ্বর মন্দিরের পর এবার খুলছে হাওড়ার বেলুড় মঠ। আগামী ১৫ জুন থেকে বেলুড় মঠ ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে।

জানা গেছে, সম্প্রতি রাজ্য সরকার সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান খোলার ছাড়পত্র দেওয়ার পর রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। সেইরকম আগামী ১৫ জুন থেকে বেলুড় মঠও খুলে দেওয়া হবে। রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে খবর, ১৫ জুন থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য রামকৃষ্ণ মিশন ও মঠের সমস্ত কেন্দ্র, প্রধান কার্যালয় খুলে দেওয়া হবে। যদিও এক্ষেত্রে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও প্রাধান্য দেওয়া হবে।

এদিকে দীর্ঘ প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর বেলুড় মঠ খোলার খবরে খুশি ভক্তরা। তাদের মতে দীর্ঘদিন পর তারা পুনরায় ঠাকুর শ্রী-শ্রী-রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও বিবেকানন্দের দর্শন পাবেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে জারি হওয়া লকডাউনের জেরে গত ২৪ মার্চ থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্র ও প্রধান কার্যালয়ে ভক্ত এবং দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *